ধর্ম ও জীবন ২ অক্টোবর, ২০১৯ ০৬:০০

ইচ্ছেপূরণ পাথরের রহস্য উদ্ধারে হিমশিম খাচ্ছেন প্রত্নতত্ত্ববিদরা

সবুজ রঙের বিশালাকৃতির প্রাচীন একটি পাথর, স্থানীয়দের ধারণা এটি স্পর্শ করে কোন কিছু চাইলে তা পূরণ হতে পারে। সেন্ট্রাল তুরস্কের বহু প্রাচীন এই পাথরটির রহস্য উদ্ধারে হিমশিম খাচ্ছেন প্রত্নতত্ত্ববিদরা। হাজার বছরের পুরনো এই পাথরের রহস্য এখনো উদ্ধার করে উঠতে পারেননি তারা।

কৃষ্ণসাগরের উপকূলবর্তী তুরস্কের ছোরুম প্রদেশের বোয়াজকালে জেলার প্রাচীন মন্দির এলাকায় সবুজ এই পাথরটি রয়েছে। এই এলাকাটি হাত্তুসা নামে পরিচিত। হিট্টাইট সাম্রাজ্যের রাজধানী ছিল হাত্তুসা। ১৬০০ খ্রিষ্টপূর্বাব্দে হিট্টাইট সাম্রাজ্যের উত্থান ঘটে। বর্তমানে হাত্তুসা জাতিসংঘের শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত।

সবুজ এই পাথরটি দেখার জন্য প্রতিবছর দেশি বিদেশী বহু পর্যটক হাত্তুসায় যান। বিরল এই পাথরের সৌন্দর্যে বিমোহিত হন তারা।

প্রাচীন এই প্রত্নস্থলে এই পাথরটি কে নিয়ে এসেছে? এটি কি কাজে ব্যবহার করা হতো? দীর্ঘ দিন ধরেই গবেষকরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখনো পর্যন্ত কোন কূল-কিনারা করতে পারেননি।

প্রাচীন এই শহরের প্রধান প্রত্নতত্ত্ববিদ আন্দ্রেয়াস সাচনার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে জানান, এই প্রত্নস্থলে পাওয়া অন্যান্য পাথরের তুলনায় এই পাথরটি আলাদা প্রকৃতির। তবে এটি হীরার মত মূল্যবান খনিজ পাথর নয়।

তিনি উল্লেখ করেন, এটি সার্পেন্টাইন অথবা নেফ্রাইট পাথর হতে পারে। হিট্টাইটদের পরে অন্যান্য সভ্যতার মানুষও এই পাথর ব্যবহার করেছিল বলে ধারণা করা হয়। তবে প্রাচীন এই পাথরটির সাংস্কৃতিক মূল্য সম্বন্ধে এখনো তারা কিছু জানেন না।

উল্লেখ্য, ব্রোঞ্জ যুগের শেষ পর্যায়ে হিট্টাইট সাম্রাজ্যের পত্তন ঘটে। শহুরে জীবনের বিকাশে এই সভ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।