সড়ক দুর্ঘটনা ৩ নভেম্বর, ২০২০ ০৭:৪৫

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ হাসেম রোডে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ আরোহী আহত হয়েছেন।আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি আহত পাঁচজন হলেন-মাইক্রোবাসচালক হামদু (৫০), শিউলি আক্তার (২৭) ও তার স্বামী নাসির উদ্দিন (৩০), ইসমাইল হোসেন (১২) ও ফয়সাল আহমেদ (১৫)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, আহত ৫ জনকে ঢাকা মেডিক্যালে আনা হয়েছে। এদের মধ্যে শিউলি ও নাসিরের পা ভেঙে গেছে। বাকি তিনজনের অবস্থা গুরুতর নয়। তাদেরকে জরুরিবিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, হাসেম রোডে এটি দুর্ঘটনার খবর পেয়েছি। এতে ৮ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।