ডেস্ক রিপোর্ট
বাসচাপায় রাজধানীর যাত্রাবাড়ীতে নাসরিন আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিপন (২৫) নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাসরিন কুমিল্লার মুরাদ নগরে উপজেলার ধনপতিখোলা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে। স্বামী মো. সিদ্দিক, এক ছেলে ও এক মেয়েসহ সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদশর্ক (এসআই) মো. আব্বাস জানান, সন্ধ্যায় চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় তিশা পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল চালক শিপন ও গৃহবধূ নাসরিন আহত হন।
খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আর আহত শিপনের মাথায় ও পায়ে আঘাত রয়েছে। তাকে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত নাসরিনের বান্ধবী জান্নাতুল ফেরদৌস জানান, তারা একই এলাকায় থাকেন। নাসরিন বাসাতেই জামাকাপড় সেলাইয়ের কাজ করেন। বিকেলে নাসরিনের সেলাইমেশিনটি মেরামতের জন্য তারা শনিরআখড়া এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।






















