সড়ক দুর্ঘটনা ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:০৫

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী ধুনটের বেড়েরবাড়ী এলাকার নুরনবী বাদশা (৬০), শাহানা বেগম (৩৮) ও অটোরিকশাচালক গাবতলী উপজেলার কদমতলীর বাসিন্দা হযরত আলী (৫০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পরে ওই এলাকায় পৌঁছামাত্র ধুনটগামী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার এক নারীসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীর শিশুকন্যাসহ (৯) অন্য এক যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই শিশুও মারা যায়।

এদিকে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যায় এবং যাত্রীরা যে যার মত বাস থেকে নেমে যান। এ সময় স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।

এসআই মোহাম্মদ আলী বলেন, ‘পুলিশ হেফাজতে তিনজনের মরদেহ আছে। অটোরিকশা চালক হযরত আলীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদেরকাগজ/এইচএম