আমাদের কাগজ ডেস্কঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফেরেন আমিনুল। পরে ইফতারের জন্য তরমুজ কিনতে আবারও পাখিভ্যানযোগে বাজারে যাচ্ছিলেন তিনি। এ সময় বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছলে আসমানখালী থেকে ভালাইপুরগামী একটি ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আমিনুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হন। বৃহস্পতিবার (৩০ মার্চ) আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনাটি আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম বড় গাংনী গ্রামের পশ্চিমপাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভ্যান থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হন আমিনুল। বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান জয়া জানান, হাসপাতালে নেওয়ার আগেই আমিনুল ইসলামের মৃত্যু হয়েছে।
আমাদের কাগজ/এমটি






















