সড়ক দুর্ঘটনা ২৫ জুন, ২০২৩ ০১:৫২

ফের এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, পুলিশ সদস্যসহ নিহত ৩

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে আগুন লেগে আটজন মারা যাওয়ার একদিন পর দুটি দুর্ঘটনা ঘটল একই মহাসড়কের মুন্সীগঞ্জের মাওয়া অংশে। একটিতে মাইক্রোবাসের চাপায় পুলিশ কনস্টেবল ও এক নারী মারা গেছেন। আরেকটিতে পিকাপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

আজ রোববার পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর ও সকালে এই দুটি ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র থেকে জানা যায়, কাভার্ডভ্যানকে পেছন থেকে পিকাপ ধাক্কা দিলে তিনজন আহত হন। এ সময় তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন নিহত হন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এর আগে, রোববার ভোর ৫টায় মুন্সীগঞ্জের শ্রীনগরে শেখ রাসেল সেনানিবাসের সামনে দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে। 

এদিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস চাপায় ট্রাকিফ পুলিশ কনস্টেবলসহ এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার সকাল সাড়ে ৯টায় পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার অদূরে পদ্মা সেতু উত্তর থানা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম মোতালেব, নারীর নাম জানা যায়নি। গুরুতর আহত দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানান, রোববার সকালে ঢাকা থেকে শরীয়তপুর অভিমুখে যাচ্ছিল মাইক্রোবাসটি। এ সময় পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুত গতির গাড়িটি হঠাৎ বেপরোয়াভাবে মোড়ে দাড়িয়ে থাকা পথচারী নারী ও দায়িত্বরত পুলিশ সদস্যসহ আরও দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। সেখানে মৃত্যু হয় পুলিশ সদস্য মোতালেবের। আহত দুজন চিকিৎসাধীন। 

প্রসঙ্গত ,এর আগে শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে ঘটনাস্থলেই সাত যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও চার শিশু রয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রোববার সকালে ঘটনাস্থলে এক নারী নিহত হন এবং শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কনস্টেবল মারা যান। মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে গিয়েছে মাইক্রোবাসের চালক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, রোববার ভোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছে আরও দুজন।


আমাদেরকাগজ/এমটি