আবহাওয়া ১৮ এপ্রিল, ২০২৩ ০২:২২

সিলেটে ফের বৃষ্টির আভাস, ঢাকায় কবে?

আমাদের কাগজ রিপোর্ট: গত দুই সপ্তাহ ধরে গরমে অতিষ্ঠ জনজীবন। শেষ কবে এত তীব্র গরম পড়েছিল তা অনেকেরই অজানা। তবে তীব্র গরমে দেশজুড়ে বৃষ্টির জন্য হাহাকার চলছে। অবশ্য তাপপ্রবাহের দাপটের পর সোমবার (১৭ এপ্রিল) রাতে সিলেটের কয়েকটি এলাকায় ঝরেছে স্বস্তির বৃষ্টি। তবে ঢাকায় এখনো দেখা মেলেনি বৃষ্টির।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


পূর্বাভাসে তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও পটুয়াখালী জেলাসমূহ এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রংপুর ও সিলেটের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

তাপপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকলেও আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আগামী দু’দিনে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী শুক্র ও শনিবার রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই দুই দিন বৃষ্টি হলেও তা হবে সামান্য। আর আজ মঙ্গলবার সিলেটে আবারও বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর বাদলগাছীতে, ২২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে, ৪৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

 

 

আমাদের কাগজ/টিআর