জাতীয় ২ এপ্রিল, ২০২৬ ১১:৩৬

নির্বাচনকে সাফল্যের উচ্চতায় নেওয়ায় রিটার্নিং কর্মকর্তাদের প্রতি সিইসির কৃতজ্ঞতা

সিনিয়র করেসপন্ডেন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করে নির্বাচনকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাওয়ায় সব রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ধন্যবাদপত্রে সিইসি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি বিপুলসংখ্যক ভোটার ও অংশীজনের সম্পৃক্ততায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে।


নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল দুই হাজারের অধিক। ভোট গ্রহণকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় সাড়ে ১৭ লাখ কর্মী এই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। সারাদেশে প্রায় সাড়ে ৪২ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল প্রকাশের মতো জটিল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সংশ্লিষ্ট সবার সার্বিক সমন্বয় ও পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই মহৎ দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার নিষ্ঠা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্ববোধ বিশেষভাবে প্রশংসার দাবিদার।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক সমন্বয়, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ভোটারদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ সৃষ্টিতে আপনার গুরুত্বপূর্ণ অবদান নির্বাচনকে সাফল্যের উচ্চতায় পৌঁছে দিয়েছে। আপনার এবং আপনার সহকর্মীদের কর্মতৎপরতা ও ইতিবাচক মনোভাব জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সিইসি আরও বলেন, নির্বাচনে আপনার এই মূল্যবান অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতেও দেশের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে আপনার একইরূপ নিষ্ঠা ও সহযোগিতা অব্যাহত থাকবে-এই প্রত্যাশা ব্যক্ত করছি।


আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করছি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিনজন নির্বাচন কমিশন কর্মকর্তাসহ (আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা) মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল। অন্যদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ছিলেন ৫৯৮ জন।