নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তুরাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লাখ ৮৪ হাজার টাকা এবং বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।
গ্রেপ্তাররা হলেন শাহরিয়ার হাসান সরকার রাজা (২৬), মো. রনি মিয়া (২৪) ও শ্রী নয়ন চন্দ্র সূত্রধর (১৯)।
সোমবার (১৩ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল তুরাগ থানাধীন রূপায়ণ সিটি গ্র্যান্ড ব্লকের একটি ভবনে অভিযান চালায়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লাখ ৮৪ হাজার টাকা, পাঁচটি ল্যাপটপ, তিনটি সিল মেশিন, একটি চার্জার, দুটি হিট মেশিন, একটি মোবাইল খোলার যন্ত্র, একটি মোবাইলের স্পিড মিটার, একটি আইএমইআই নম্বর ছাপানোর মেশিন, একটি টাকা গণনার মেশিন, একটি প্রিন্টার, ৭৪০টি মোবাইল ডিসপ্লে, ২ হাজার ৬০টি ব্যাক সেল, ৫৬০টি অ্যাডাপ্টর, ৫৪০টি চার্জার কেবল, ৯০টি হেডফোন, ১৫০টি পেনড্রাইভ, ২৫টি টাইপ-সি কানেক্টর, ২ হাজার ১৯০টি ব্যাক কভার, এক হাজার মোবাইল ব্যাটারি, দুটি সিসি ক্যামেরা, দুই কার্টন মোবাইল পার্টস, ৩ হাজার ৫০০টি খালি মোবাইল বক্স, ১৮টি স্পিকার এবং তাদের ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মোবাইল চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা চীন থেকে অবৈধভাবে মোবাইল ও মোবাইলের যন্ত্রাংশ এনে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির তুরাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
















