রাজনীতি ২৪ জুন, ২০২৬ ১০:৫৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক ছাত্র নেতার উদ্যোগে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলামের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০০ মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাবার গ্রহণ করেন। দিদার মো. নিজামুল ইসলাম বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধু একটি রাজনৈতিক দিবস নয়, এটি দেশের গণতান্ত্রিক সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এবং উন্নয়ন-অগ্রগতির ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি দিন। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ এ দেশের মানুষের অধিকার আদায়, স্বাধীনতা অর্জন এবং রাষ্ট্র গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে নেতৃত্ব দিয়েছে। সেই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই আমরা আজ সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, ‘রাজনীতি মানুষের জন্য। মানুষের সুখ-দুঃখের সময় পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে দিনটি স্মরণ করতে চেয়েছি। ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকায় প্রায় ২০০ মানুষের হাতে খাবার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।’ সাবেক এই ছাত্রলীগ নেতা আরও বলেন, ‘আমি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করি। দলটির প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্য আজও অটুট রয়েছে। আওয়ামী লীগের ইতিহাস ত্যাগ, সংগ্রাম ও মানুষের কল্যাণে কাজ করার ইতিহাস। সেই আদর্শ থেকেই আমরা সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছি।’ উল্লেখ্য, আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয়। কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ বছর দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সরাসরি কোনো কার্যক্রম না করলেও বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে।