ডেস্ক রিপোর্ট ।।
সিলেটে পাঁচ ভাই রেস্টুরেন্টে যুক্তরাজ্যের তিন প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটে। গত ৬ আগস্ট রাতে দুই ছাত্রলীগ কর্মী প্রবাসীদের ওপর ওই হামলা করায় তাদের গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ আগস্ট) ভোরে সুনামগঞ্জের আলীপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু'জন হলেন- জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি দাস গ্রুপের সদস্য ও জেলা ছাত্রলীগ কর্মী দিপু রায় (২২) ও সাগর তালুকদার রানা (২১)। দিপু নগরের দাড়িয়াপাড়ার মেঘনা বি-৫৯ নম্বর বাসার দেবেশ রায়ের ছেলে এবং সাগর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাংগাবদপুর গ্রামের সজল তালুকদারের ছেলে।
সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইবায়দুল্লাহ বলেন, অভিযান চালিয়ে মাতাল অবস্থায় ওই দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু'জনের মধ্যে দিপু মামলার এজাহারভুক্ত আসামি এবং সাগর অজ্ঞাতদের একজন।
এ ঘটনায় পরদিন ৭ আগস্ট ওই প্রবাসীদের চাচাতো ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।






















