বিশ্বকাপে আমাদের টিম নেই, এটা আসলেই কষ্ট দেয়: প্রধানমন্ত্রী
ছবিঃ ইন্টারনেট
আমাদের কাগজ ডেস্কঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বকাপ হচ্ছে, আমাদের টিম নেই- এটা আসলে কষ্ট দেয়। রোজ খেলা দেখি, আর এটা ভাবি।’
বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’র তৃতীয় আসরের সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতার মধ্যদিয়ে আমাদের খেলোয়াড়রা বিকশিত হচ্ছে। এটা যত অব্যাহত থাকবে, ততই বিকশিত হতে থাকবে। একসময় রিফিউজি হিসেবে ছিলাম। এরপর আমরা বাংলাদেশে আসার পর থেকে এই খেলাধুলাকে প্রাধান্য দিচ্ছি। আমরা খেলাধুলা করা পরিবারেরই সদস্য।
তিনি বলেন, খেলাধুলা ও প্রতিযোগিতা যুবসমাজকে পথ দেখায়। যত বেশি খেলাধুলা করবে মন ও শরীর ভালো থাকবে। খেলাধুলায় যে প্রতিযোগিতা, তা দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। মাদক ও জঙ্গিবাদে আমরা বিশ্বাস করি না। সেজন্য খেলার সুন্দর পরিবেশ করে দিয়েছি। আমি জানি, এজন্য সরকারি পৃষ্ঠপোষকতা লাগে। সেটা করেই যাচ্ছি।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সচিব মেজবাহ উদ্দিন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমাদের কাগজ/এম টি