নিজস্ব প্রতিবেদক: সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, হত্যা ও নাশকতার মামলার বিষয়গুলো তদন্তাধীন। তদন্তে যার বিরুদ্ধে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাকে সে মামলাতেই গ্রেপ্তার দেখানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু দ্বিতীয় দক্ষিণ এশিয়া স্যাম্বো-কুরাশ প্রতিযোগিতা–২০২৩ উদ্বোধন অনুষ্ঠান শেষে বিএনপির শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী ১৫০ বছরের একটি পুরোনো বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা গর্বের সঙ্গে সাহসিকতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করে এ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আসছি। সেই অভিজ্ঞতা থেকেই আগামী দিনেও আমরা আমাদের দায়িত্ব থেকে পিছপা হব না। যেকোনো উসকানির মুখে আমরা আমাদের দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করব। আমাদের যে প্রশিক্ষণ ও সামর্থ্য আছে, তাতে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যের মনোবল অটুট এবং চাঙা আছে।
তিনি বলেন, আমরা যখন এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হই, আমাদের কেউ আক্রান্ত হন, তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে থাকি। আমাদের যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং আমাদের মনোবলও অটুট আছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আমাদেরকাগজ/এইচএম


















