রাজনীতি ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৩২

বর্তমান পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে।

আজ সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনাকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে হচ্ছে না। নির্বাচনী পরিস্থিতি উন্নয়নে সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে দলীয় ফোরামে আলোচনা করে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রস্তাব দেব।

অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা আদালতকে সম্মান করি। আমরা আদালতের সব নির্দেশ পালন করছি।

তিনি আরও বলেন, ‘সংবিধানের কিছু ধারার কারণে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় ঘাটতি রয়েছে। ১৪৪ ধারার কারণে বিচার বিভাগকে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

তবে জাতীয় পার্টির চেয়ারম্যানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় শুধু জাতীয় পার্টির নেতারা নয়, দেশের সাধারণ মানুষও খুশি। জিএম কাদের বলেন, মামলার কারণে স্বাভাবিক রাজনীতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে আদালতের সব নির্দেশনাকে আমরা সম্মানের সঙ্গে ইতিবাচকভাবে নিচ্ছি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, 'বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর জনগণের আস্থা হারিয়েছে। আবার বিএনপিকে দেশের সাধারণ মানুষ পছন্দ করে না। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় শক্তির প্রত্যাশা করছে। সেই তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে আবির্ভূত হওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। তিনশ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।

তিনি বলেন, 'দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, দলাদলি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করার রাজনীতি করছি। দেশ পরিচালনায় আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে জাতীয় পার্টি অনেক বেশি সাফল্য পেয়েছে বলে দেশের মানুষ মনে করে। তাই দেশের মানুষ জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়।

আমাদেরকাগজ/এইচএম