নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টনে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ে প্রবেশের সময় পুলিশের বাধার মুখে পড়েছেন দলের সভাপতি । পরে তারা কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন নুরুল হক নুরসহ অনেকেই। কার্যালয়ে প্রবেশের সময় নুরের পোশাক ছিঁড়ে যায়। ছেঁড়া গেঞ্জি পরেই সাংবাদিকদের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত নুরকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতা শাকিলুজ্জামান।
নুরের দাবি, কার্যালয়ে প্রবেশের সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এতে তিনিসহ অনেকেই আহত হয়েছেন। তার পাঞ্জাবি ও গেঞ্জি ছিঁড়ে গেছে। এ ছাড়া দলের এক নারী নেত্রীর পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে।
পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘দুই পক্ষ সারা দিন মুখোমুখি অবস্থানে ছিল। সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে।’
বিনা উসকানিতে হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কাউকে লাঠিপেটা করা হয়নি। এখানে সাংবাদিকরা লাইভ করেছেন। লাঠিচার্জ করা হলে সেটা সবাই দেখত। আমরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এখানে অবস্থান নিয়েছি।’
এর আগে গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ দাবি করেন, ‘আজ সকালে গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের (রেজা কিবরিয়া অংশের যুগ্ম আহ্বায়ক) নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল পল্টনে দলীয় কার্যালয়ে যায়। তখন তারা কার্যালয়ের তালা ভেঙে কলাপসিবল গেট লাগিয়ে দেয় এবং কার্যালয়ের ভেতর থেকে দলের নিবন্ধনের জন্য প্রয়োজনীয়সহ জরুরি কাগজপত্র নিয়ে যায়।
আমাদেরকাগজ/এইচএম






















