রাজনীতি ৪ অক্টোবর, ২০২৩ ১০:৪৭

চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগেই সরকারকে আলটিমেটাম দিয়ে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। আগামী ২০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজার দু-এক দিন আগে ঢাকায় বড় সমাবেশ থেকে এই আলটিমেটাম দিতে পারে দলটি। দুর্গাপূজা শেষ হওয়া পর্যন্ত এ আলটিমেটাম চলতে পারে। দাবি না মানলে পূজার পর থেকে চূড়ান্ত ধাপের আন্দোলনে পা রাখবে বিএনপি; যা আগামী নভেম্বরের প্রথমে তপশিল ঘোষণার আগ পর্যন্ত এমনকি তপশিলের পরেও চলতে পারে।

বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

একদফা দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপে এখন রোডমার্চ ও সমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম অঞ্চলে রোডমার্চের মধ্য দিয়ে এ পর্যায়ের কর্মসূচি শেষ হবে। এরই মধ্যে রাজধানী ও এর আশপাশের জেলায় আটটি সমাবেশ হয়েছে। রোডমার্চ হয়েছে চারটি। এ ছাড়া ঢাকায় মহিলা সমাবেশ, শ্রমিক কনভেনশন ও কৃষক সমাবেশ হয়েছে। আজ বুধবার ঢাকায় পেশাজীবী কনভেনশন অনুষ্ঠিত হবে। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে ১২ জুলাই থেকে একদফার আন্দোলন শুরু করে বিএনপি।

দলটির নেতাদের মূল্যায়ন, এসব কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষেরও উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। শ্রমিক কনভেনশনের মধ্য দিয়ে একদফার চলমান আন্দোলনে আগামীতে শ্রমিক শ্রেণির অংশগ্রহণ আরও বাড়বে। এতে আন্দোলন বেগবান হবে। এ ধারা অব্যাহত রাখতে হবে। চলমান কর্মসূচি শেষ হওয়ার পর আরও শক্তভাবে মাঠে নামবেন তারা, যা হবে সরকার পতনের চূড়ান্ত ধাপের কর্মসূচি।

জানা যায়, চট্টগ্রাম অঞ্চলে ৫ অক্টোবর অনুষ্ঠেয় বিএনপির রোডমার্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। অথবা প্রথম ধাপের কর্মসূচি শেষে ঢাকায় সংবাদ সম্মেলন করেও ঘোষণা করা হতে পারে আন্দোলনের চূড়ান্ত ধাপের আংশিক কর্মসূচি। এর আগে গত কয়েকদিনে সরকারবিরোধী আন্দোলনের কর্মপরিকল্পনা নিয়ে যুগপতের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে বিএনপি। তাদের দেওয়া বিভিন্ন প্রস্তাবনা সমন্বয় করে চূড়ান্ত আন্দোলন পরিকল্পনা প্রণয়ন করে দলটি।

বৈঠক সূত্র জানায়, প্রথম ধাপের কর্মসূচি শেষে ৭ অক্টোবর থেকে চূড়ান্ত ধাপের আন্দোলন শুরু হতে পারে। ১৮ অক্টোবরের দিকে সরকারকে পদত্যাগে আলটিমেটাম দেওয়ার আগ পর্যন্ত ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও কিছু কর্মসূচি হতে পারে। আলটিমেটাম শেষে কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। তখন সারা দেশের নেতাকর্মীরা ঢাকার কর্মসূচিতে যোগ দেবেন।


আমাদেরকাগজ/এইচএম