রাজনীতি ২২ নভেম্বর, ২০২৩ ১১:৩১

রাজধানী সহ

সারাদেশে পালিত হচ্ছে ঢিলেঢালা অবরোধ 

আমাদের কাগজ ডেস্ক: সারাদেশে ঢিলেঢালা গতিতে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচী। অন্যান্য দিনের মতো সকাল থেকেই সড়কে গাড়ির চাপ স্বাভাবিক। একই সঙ্গে অবরোধ কোনো প্রভাব ফেলতে পারেনি রাজধানীবাসীর জীবনযাত্রায়।

বুধবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট, নীলক্ষেত, আজিমপুর, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি ও ধানমন্ডি এলাকা ঘুরে এমন চিত্রই দেখা যায়। 

স্বাভাবিকভাবেই শুরু হয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে মানুষের উপস্থিতিও।

সরেজমিন দেখা যায়, এসব এলাকার সড়কে সকাল থেকেই বাসের সংখ্যা বেশি। অবরোধ কর্মসূচির শুরুর দিকের যান চলাচল কম থাকায় যাত্রীদের ভোগান্তি হলেও এখন তেমনটি নেই। বাস স্টপেজে বেশিক্ষণ দেরি করতে হচ্ছে না যাত্রীদের। 

ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, স্টাফ বাস, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা চলাচলও চোখে পড়ার মতো। এসব সড়কের গাড়ির উপস্থিতি বেশি হওয়ার কারণে কোনো কোনো জায়গায় দিতে হচ্ছে সিগন্যালও। যাত্রীদের পোহাতে হচ্ছে স্বল্প সময়ের যানজট।

সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, অবরোধের কোনো প্রভাব নেই। স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতো সকাল থেকে গাড়ির সংখ্যা বাড়ছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। অফিস ডে হওয়ায় কিছু সময়ের মধ্যেই গাড়ির সংখ্যা আরও বেড়ে যানজট তৈরি হবে বলেও মন্তব্য করেন তারা।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবু বলেন, অবরোধের সমর্থনে এই এলাকায় কোনো ধরনের কার্যক্রম কেউ করেনি। কেউ যদি জনগণের জানমালের ক্ষতি করতে আসে, সরকারি সম্পত্তি নষ্ট করতে আসে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে পেট্রোলিং (টহল) এবং অবস্থান নিয়ে পুরো এলাকায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। পরিবেশ পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। কোনো শঙ্কা নেই বলে মনে করছেন বিশিষ্ট মহল গুলো। 

আমাদেরকাগজ/এমটি