সারাদেশ ২৫ এপ্রিল, ২০২৩ ০৪:২৬

৯৯৯ নম্বরে ফোন

 যৌনপল্লী থেকে তরুণী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন দুই মাস পূর্বে চাকরির প্রলোভনে দালাল চক্রের খপ্পরে পড়ে ফরিদপুর যৌনপল্লীতে ঠাঁই হওয়া এক তরুণী। যৌনপল্লীতে ইচ্ছার বিরুদ্ধে দেহব্যবসা করতে বাধ্য হন তিনি। অস্বীকৃতি জানালে মারধর করা হতো তাকে। তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ৯৯৯ এর কাছে অনুরোধ জানান তিনি। সোমবার, ২৪ এপ্রিল রাত সাড়ে ৭টায় ওই তরুণীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী তরুণী (১৯) বান্দরবানের লামা থানাধীন আম্বার ব্যাপারিপাড়ার অধিবাসী।

পুলিশ জানায়, সোমবার রাতে ৯৯৯ তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানায় এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলে। সংবাদ পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায়।

কোতোয়ালি থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই নাঈম জানান, ভুক্তভোগী তরুণী (১৯) কে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। প‌রে অভিভাবকদের সংবাদ দেওয়া হয়। তারা থানায় এসে পৌঁছালে তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদেরকাগজ / এইচকে