সারাদেশ ২ মে, ২০২৩ ০২:৪৩

বাড়িতে মায়ের লাশ, এসএসসি পরীক্ষার হলে দুই বোন

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্ক: ভুগছিলেন নানা সমস্যায়। সোমবার(১ মে) রাতে হঠাৎ অসুস্থতা বাড়ে। তাঁকে টেকনাফ থেকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নেওয়ার প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়। 

মৃতের নাম, আনোয়ারা বেগম (৫০)। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন তিনি। 

শোকে কাতর পরিবার, স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। এমতাবস্থায় বাড়িতে মায়ের লাশ রেখে আজকের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই বোন। তাদের নাম, সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে মায়ের লাশ দাফনে অংশ নেবে তারা।

ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফ উপজেলায়। সাদিয়া ও শারমিন সাবরাং উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী।

আজ সকাল ১০টার আগে চোখ মুছতে মুছতে এই কেন্দ্রে আসে দুই বোন। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নেয় তারা।

পরীক্ষা শুরুর আগে সাদিয়া ও শারমিন বলল, মা তাদের অনেক ভালোবাসতেন। চাইতেন তারা যেন পড়ালেখা করে অনেক বড় হয়। তাই এমন অবস্থায়ও পরীক্ষায় অংশ নিয়েছেন। মায়ের আত্মাকে তাঁরা কষ্ট দিতে চান না।

পরিবার ও স্থানীয় লোকজন জানান, টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানছড়িপাড়া গ্রামের জহির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০)। তাঁদের তিন মেয়ে ও চার ছেলেসন্তান রয়েছে। হঠাৎ ভোরের দিকে মা আনোয়ারা বেগমের মৃত্যু হয়। এতে বাড়িজুড়ে শোক নেমে এসেছে। চলছে লাশ দাফনের প্রস্তুতি। মায়ের মৃত্যুর পর সাদিয়া ও শারমিন ভেঙে পড়লেও স্বজনদের কথায় এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তারা। পরীক্ষা শেষে তারা বাড়ি ফেরার পর বেলা তিনটার দিকে সাবরাং পানছড়িপাড়া স্কুলমাঠে আনোয়ারা বেগমের জানাজা হবে। পরে তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মাকে হারানো যে কারও জন্য খুবই কষ্টদায়ক। তারপরও এসএসসি পরীক্ষার্থী সাদিয়া ও শারমিন মা হারানোর কষ্ট নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। আমরাও তাদের পরীক্ষার সময় যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি।’

আমাদের কাগজ/এমটি