সারাদেশ ১৬ মে, ২০২৩ ০৪:৪৯

পরীক্ষার হলে ঘুমানোর দায়ে দুই শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর চাটখিলে পরীক্ষার হলে ঘুমানোর দায়ে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার, ১৬ মে দুপুরে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মল্লিকার দিঘিরপাড় ফাজিল মাদরাসা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন ওই দুই শিক্ষক। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকেরা হচ্ছেন উপজেলার খোয়াজেরভিটি ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আবদুস শহীদ ও মমিনপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. মুজ্জাম্মিল।

জানা গেছে, ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে দুপুর ১২টার দিকে মল্লিকার দিঘিরপাড় ফাজিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুল হক ভূঁইয়া। এ সময় কেন্দ্রের একটি কক্ষে দায়িত্বরত পর্যবেক্ষক আবদুস শহীদ ও মুজ্জাম্মিল টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। এই সুযোগ নিয়ে ওই হলের পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে দেখাদেখি ও হট্টগোল করছিল। এতে কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় এবং পর্যবেক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি প্রকাশ পায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বিষয়টি কেন্দ্রসচিবকে অবগত করে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার হল পর্যবেক্ষণের দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আমাদেরকাগজ / এইচকে