সারাদেশ ১৭ মে, ২০২৩ ১২:৪৯

হাঁস চুরির অভিযোগে আ.লীগ নেতা আটক 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: হাঁস চুরির অভিযোগে নেত্রকোনার বারহাট্টার স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার অলি বিশ্বাসকে (৪৩) আটক করেছে পুলিশ। এর আগে,মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেতাটী বাজার থেকে ফকিরের বাজার ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। 

তিনি সদর উপজেলার পাঁচপাই গ্রামের মৃত আবদুস সামাদ বিশ্বাসের ছেলে।

সূত্রে জানা যায়, জেলার বারহাট্টার কর্ণপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর ছেলে খোরশেদ মিয়া দীর্ঘদিন ধরে গ্রামে কৃষিকাজের পাশাপাশি হাঁসের খামার করে হাঁস পালন করছিলেন। শনিবার (১৩ মে) রাতে ওই খামার থেকে প্রায় সাড়ে সাতশ হাঁস চুরি হয়ে যায়। এ ঘটনায় খোরশেদ আলম বারহাট্টা থানায় অভিযোগ করেন।

ফাঁড়ির পুলিশ মঙ্গলবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার বেতাটী বাজার থেকে সাবেক ইউপি মেম্বার ও ঠাকুরাকোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি বিশ্বাসকে আটক করে। 

এ ঘটনায় খোরশেদ আলম বাদী হয়ে অলি বিশ্বাসসহ তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার বারহাট্টা থানায় মামলা করেন। চুরি হওয়া হাঁসগুলো মঙ্গলবার(১৬ মে) সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

বারহাট্টার ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাজেদুল ইসলাম জানান, বীর মুক্তিযোদ্ধার ছেলে খোরশেদ আলমের হাঁস চুরির ঘটনায় ওলি বিশ্বাসকে বেতাটী থেকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি যাওয়া হাঁসগুলো উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এ নিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। 

ঠাকুরাকোনা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল হক খান মিলকী বলেন, অলি বিশ্বাসকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। তবে কী কারণে আটক করেছে তা আমার জানা নেই।

বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, হাঁস চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে। আর সেই সাথে মামলার তদন্ত চলছে। খুব তাড়াতাড়ি বাকিদেকে আটক করা যাবে বলে আশাবাদী। 
 

আমাদের কাগজ/এমটি