সারাদেশ ২০ মে, ২০২৩ ১০:৪১

বাড়ির পানির ট্যাঙ্কে চেতনানাশক ওষুধ প্রয়োগ অতঃপর 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় হঠাৎ করে বাসায় থাকা একই পরিবারের চার সদস্য অচেতন হয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ি চুরির উদ্দেশ্যে বাড়ির পানির ট্যাঙ্কে চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হতে পারে। এ ঘটনায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

শনিবার (২০ মে) ফুলবাড়ী থানার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ মে) গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, বৃহস্পতিবার (১৮ মে) উপজেলার বিদ্যাবাগিশ ধারিয়ার পাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন, গণেশ চন্দ্রের ছেলে নির্মল চন্দ্র, তার স্ত্রী প্রীতিলতা, নির্মল চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র ও তার আত্মীয় চিনুবালা।

পরিবারের অন্য সদস্যরা জানান, রাতে তারা সবাই খাবার খেয়ে ঘুমিয়ে গেলে অচেতন হয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে না উঠলে ডাকাডাকি করলেও তাদের অচেতন অবস্থায় দেখা যায়। এ সময় তাদেরকে স্বাভাবিক করার জন্য চেষ্টা করেন স্থানীয়রা। পরে ঘুমে বিভোর থাকায় শুক্রবার (১৯ মে) বিকেলে তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত স্বপনের স্ত্রী স্বপ্না রানী জানান, শুক্রবার সকাল ১০টা পার হলেও ঘুম থেকে আমার স্বামী উঠছিল না। ডাকাডাকি করলেও ঘুম থেকে উঠে না। মাঝে মধ্যে উল্টোপাল্টা বলে। পরে তাদের হাসপাতালে নিয়ে যাই।

আহত নির্মলের ভাগ্নে জয়ন্ত কুমার রায় জানান, পানির ট্যাঙ্কের ভেতরে চেতনানাশক ওষুধের আংশিক নমুনা পাওয়া গেছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ডা. নুশরাত জাহান জানান, শুক্রবার বিকেলে ভর্তি রোগীরা এখনও স্বাভাবিক হয়নি। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান,শুক্রবার বিকেলে খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানকার কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের কাগজ/এমটি