সারাদেশ ২৫ মে, ২০২৩ ১২:৫৮

প্রেমে বিষণ্ণতা: বনানীতে পুলিশ সদস্যের আত্মহত্যা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: প্রেমে বিষণ্নতা থেকে কনস্টেবল আশরাফ উজ জামান রনি (২২) আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।

পুলিশ বলছে, প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে কনস্টেবল রনির তার প্রেমিকার সঙ্গে কোনো ঝামেলা চলছিল। এ কারণেই তিনি নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করতে পারেন। তবে এ বিষয়ে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করা কনস্টেবল আশরাফ উজ জামান রনি প্রেমঘটিত কারণে বিষণ্নতায় ভুগছিলেন। এটি তার আত্মহত্যার কারণ হতে পারে।

রনির আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি বলেন, ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত যেসব কনস্টেবল চেকপোস্টে ডিউটি করেন তারা পিস্তল ব্যবহার করতে পারেন। অনেক আগে থেকেই সব চেকপোস্টে ডিউটিতে থাকা কনস্টেবলরা পিস্তল ব্যবহার করে থাকেন।

তিনি বলেন,  প্রাথমিকভাবে নিহতের মোবাইল ফোন চেক করে দেখা গেছে। কনস্টেবল রনির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সে সম্পর্কের জেরে তারা মোবাইল ফোনে বেশিরভাগ সময় কথা বলতেন। জানা যায়, গতকাল (বুধবার) দিনগত রাতের বেশিরভাগ সময় ওই মেয়েটির সঙ্গে রনির মোবাইল ফোনে হয়। আজ বৃহস্পতিবার সকালে ডিউটিতে আসার আগেও তাদের দুজনের মধ্যে কথা হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বনানী ১১ নম্বরে চেকপোস্টে ডিউটি ছিল রনির। সকালে স্বাভাবিকভাবে তিনি ডিউটিতে আসেন। সঙ্গে আরও পুলিশ সদস্য ছিল। সকাল ৬টা ৪৯ মিনিটের দিকে চেকপোস্টের পাশেই বাথরুমে যাওয়ার কথা বলে নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে আত্মহত্যা করেন কনস্টেবল রনি।

তিনি জানান, পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

আমাদের কাগজ/এমটি