সারাদেশ ২৬ মে, ২০২৩ ০৩:০৪

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আ.লীগের কার্যালয় ভাঙচুর ২২ নেতাকর্মী আহত 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ হামলা ও ভাঙচুর চালানো হয় বলে জানা যায়। এতে আওয়ামী লীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

জানা গেছে, জিনজিরায় বেলা ১১টায় বিএনপির কার্যালয়ের সামনে দলটির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

সমাবেশে যোগ দিতে যুবদলের একটি মিছিল দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন অভিযোগ করে বলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে।  

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বিএনপির অতি উৎসাহী কিছু কর্মী আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেন। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। 

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্ব ঘোষণা অনুযায়ী কেরানীগঞ্জে এ সমাবেশ হওয়ার কথা ছিল। 


আমাদের কাগজ/এমটি