সারাদেশ ২৮ মে, ২০২৩ ০১:৫৪

রেস্টুরেন্টে খাবার খেয়ে হাসপাতালে ২২ 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে দইখাওয়া বাজারের একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে ২২ জন রেদওয়ান ব্যক্তি অসুস্থের খবর জানা গেছে। শনিবার (২৭ মে) রাত ও রোববার সকালে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। এরও আগে, শনিবার সকালে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের চিড়ারমিল এলাকার রেদওয়ান রেস্টুরেন্টে খাবার খান তারা।

আজ রোববার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আকসা এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, শনিবার সকালে রেদওয়ান রেস্টুরেন্টের পরোটা-ডাল খেয়ে পাঁচ থেকে আট ঘণ্টা পর ভুক্তভোগী ব্যক্তিদের পেটে ব্যথা, পাতলা পায়খানা ও বমি হতে থাকে। অবস্থা বেগতিক হওয়ায় শনিবার রাত ও রোববার সকালে একের পর এক আক্রান্ত ব্যক্তিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। এখন পর্যন্ত অসুস্থ ২২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে জানতে রেদওয়ান রেস্টুরেন্টের মালিক আতিয়ার রহমানের মোবাইল ফোনে কল করা হলে বন্ধ পাওয়া যায়।

মেডিকেল অফিসার ডা. আল আকসা জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত হাসপাতালে ২২ জন ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম ইসলাম নয়ন জানান, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খাবারের বিষক্রিয়া থেকে এমন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা  রিপোর্ট আসলে বলা যাবে।  

আমাদের কাগজ/এমটি