সারাদেশ ১০ জুন, ২০২৩ ১০:২৪

গৃহবধূর গায়ে আগুন শাশুড়ি গ্রেফতার অতঃপর 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: পটুয়াখালীর দুমকি উপজেলায় এক গৃহবধূর গায়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় গায়ে কেরোসিন ঢেলে আগুনে ঝলসে দেয়া গৃহবধূ হালিমা আক্তার মীম মারা গেছেন। শুক্রবার (৯ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বশার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে উপজেলার নতুন বাজারসংলগ্ন শাহজাহান মুন্সির (দারোগা) ভাড়া বাসায় মীমের হাত-পা-মুখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় বোরখা পরিহিত দুই দুর্বৃত্ত। 

আগুনে তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়। তার সন্তান ওয়ালিফ হোসেনর হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থানও দগ্ধ হয়।

মীম ও তার সন্তানের চিৎকারে স্থানীয়রা ঘরের দরজা খুলে তাদের উদ্ধার করেন। তাদের নেয়া হয় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের নেয়া হয় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনিস্টিটিউট ও হাসপাতালে। সেখানে ভর্তি হতে না পেরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় তাদের। কিন্তু চিকিৎসায় মীমকে ফেরানো যায়নি।

মীম উপজেলার দুমকি সাতানি গ্রামের জামাল হোসেন প্রিন্সের স্ত্রী। চলতি মাসের ২ তারিখ থেকে তারা শাহজাহান দারোগার ভাড়া বাসায় বসবাস করছিল।

দুমকি থানার ওসি আবুল বশার জানান, এ ঘটনায় মীমের মামা ওমর ফারুক মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে মীমের শাশুড়ি পিয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হবে। মামলাটির তদন্ত চলছে।

আমাদেরকাগজ/এমটি