সারাদেশ ১৩ জুন, ২০২৩ ০৮:৪০

হাতপাখা প্রার্থীর ওপর হামলা, প্রতিবাদে আ’লীগ নেতার পদত্যাগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম হাওলাদার (৪৫)। শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। বর্তমানে তিনি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার (১৩ জুন) জাগো নিউজকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ নেতা শাহ আলম বলেন, সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারণে তিনি অনেক ব্যথিত হয়েছেন। তাই একজন মুসলমান হিসেবে তিনি এ দলে আর থাকতে চাচ্ছেন না।

তিনি আরও বলেন, ‘আমি আমার পুরো জীবন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামীকর্মী হিসেবে কাজ করছি। তবে গতকাল আওয়ামীপন্থি কিছু লোক একজন আলেমের ওপরে হামলা করায় আমি ব্যথিত। একজন মুসলমান হিসেবে এ হামলার প্রতিবাদস্বরূপ লম্বা আওয়ামী জীবনের ইতি টেনেছি।’

নিজের ইচ্ছায় এবং ইসলামকে ভালোবেসে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আওয়ামী লীগের এ নেতা। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে যোগ দেবেন কি না সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানান তিনি।


আমাদেরকাগজ/এইচএম