বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়া য়বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণে গিয়ে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে বাংলাদেশ সেনাবাহিনীর মোন্নাফ হোসেন রাজু নামের এক সদস্য নিহত হয়েছেন। এ সময় বোমার স্প্লিন্টারে আহত হয়েছেন আরেক সৈনিক মো. রেজাউল।
শুক্রবার আনুমানিক দুপুর দেড়টায় বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়ায় এই ঘটনা ঘটেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর টহল দল ছিলোপি পাড়া টিওবি থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণের জন্য পাইনুম পাড়া এলাকায় যাচ্ছিল। পথে ক্যাম্প থেকে আনুমানিক চারশ’ মিটার দূরে কেএনএফ সন্ত্রাসীদের বিক্ষিপ্তভাবে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের শিকার হয় দলটি। বিস্ফোরণে সৈনিক মোন্নাফ হোসেন রাজু ও সৈনিক মো. রেজাউল শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন।
আহত দুজনকে চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় সৈনিক মোন্নাফ হোসেন রাজু শাহাদাতবরণ করেন।
নিহত সেনা সদস্যের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা কার্যক্রমের পাশাপাশি পাহাড়ি জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দিতে গিয়ে সেনা সদস্যের এই সর্বোচ্চ ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
আমাদেরকাগজ/এইচএম






















