সারাদেশ ১৮ জুন, ২০২৩ ০৬:৪৬

ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি, কাপড় ফেলে পালিয়ে গেল বখাটে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : বগুড়ার ধুনটে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক যুবককে বিরুদ্ধে। তার নাম রেজাউল ইসলাম (৩২)। অভিযুক্ত রেজাউল ইসলাম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের আলতাব হোসেনের ছেলে। এর আগে, তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ বিষয় নিশ্চিত করেছে। 

আজ রোববার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধুনট থানায় মামলাটি করেন। এর আগে বুধবার রাতে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে ওই গৃহবধূর স্বামীর ঘরে এ শ্লীলতাহানির ঘটনা ঘটে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্লীলতাহানির শিকার গৃহবধূর স্বামীর বাড়ি পাশেই অভিযুক্ত রেজাউলের বাড়ি। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর স্বামী ওষুধ কিনতে বাড়ির পাশের দোকানে যান। এ সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ওই গৃহবধূ ঘরে বিশ্রাম করছিলেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। এ সুযোগে রেজাউল ঘরের ভেতর ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি করেন।

 

এ সময় মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে ওই গৃহবধূ চিৎকার করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রেজাউলকে ধরে ফেলেন। পরে জনতার সঙ্গে তার ধ্বস্তাধ্বস্তি হয়। একপর্যায়ে পরনের লুঙ্গি, স্যান্ডেল ও মোবাইল ফোন ফেলে নগ্ন হয়ে পালিয়ে যান রেজাউল।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থলে আসামির ফেলে যাওয়া মালামাল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আমাদেরকাগজ/এমটি