সারাদেশ ১৯ জুন, ২০২৩ ০২:১৭

লক্ষ্মীপুরে তিন ভাইয়ের মারামারি, আহত ৯ জন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে দোকান নিয়ে তিন ভাইয়ের মধ্যে মারা-মারির ঘটনায় ৯ জন আহতের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই ইউনিয়নের মিয়ারবেড়ী বাজারে এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন, সৌদি আরব প্রবাসী মমিন উল্যা, তার স্ত্রী সুমি বেগম, ভাগিনা মো. ইউছুফ ও শ্যালক কামরুল হাসান সুমন এবং অপরপক্ষের হাবিব উল্যা, হেদায়েত উল্যা, ইব্রাহিম ও রিয়াজ। এ ছাড়া তাদেরকে ছাড়াতে গিয়ে মিয়ারবেড়ী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেনও আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

বাজার পরিচালনা কমিটি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০১৩ সালে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ নিয়ে প্রবাসী মমিন মিয়ারবেড়ী বাজারে পূর্ব পাশে দুটি দোকান নির্মাণ করেন। দোকানগুলো তার ভাই হেদায়েত ও হাবিব ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। কিন্তু তাকে ভাড়ার টাকা দিচ্ছে না। ভাড়ার টাকা চাইলে তাকে মারধরের হুমকি দেয়। 

এতে সোমবার সকালে মমিন দোকানগুলোতে তালা লাগিয়ে দেয়। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়। 

পরে বাজার পরিচালনা কমিটি এসে দোকানের তালা খুলে দিয়েছে। পরে বৈঠকে বসে ঘটনাটি সমাধান করা হবে বলে জানিয়েছেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন। এর কিছুক্ষণ পরই মারামারিতে জড়িয়ে পড়ে। উভয়পক্ষের এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথিতে আটজন আহত হয়। তাদেরকে ছাড়াতে গিয়ে বাজার কমিটির নেতা মনির আহত হন।

 

বাজার পরিচালনা কমিটির সভাপতি মনির হোসেন বলেন, ধারালো অস্ত্রগুলো জব্দ করে আমার অফিসে রাখা হয়েছে। তাদেরকে ছাড়ায়ে গিয়ে আমিও আহত হয়েছি। মারামারির ঘটনায় বিকেলে ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি সাইফুল হাসান রনি বৈঠক ডেকেছেন। বৈঠকে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি প্রবাসী মমিন আমাকে জানিয়েছেন। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরকাগজ/এমটি