সারাদেশ ২৯ জুন, ২০২৩ ০৩:১১

ঈদের জামাতে নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন সাদিক আব্দুল্লাহ

বরিশাল প্রতিনিধি: বরিশালে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সামনের সারিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। নামাজের পূর্বে দুইজনই নগরবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

বক্তব্যে সাদিক আব্দুল্লাহ বিগত দিনের কোনও কর্মকাণ্ডে কোনও ভুলত্রুটি থাকলে নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর খোকন সেরনিয়াবাত নির্বাচনে নগরবাসীকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টি তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টায় ঈদের প্রধান জামাতের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ বলেন, আজকে আমরা সবাই সবার জন্য দোয়া করবো। দোয়া করবো আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহর জন্য।

নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাড়ে চার বছর আপনাদের জন্য কাজ করেছি। সেই কাজে কোনও ভুলত্রুটি থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

তিনি বলেন, এ সাড়ে চার বছর আমার নিজের কোনও স্বার্থ ছিল না। নগরবাসীর জন্য কাজ করার চেষ্টা করেছি। এতে কোন ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আছি থাকবো, যতদিন বেঁচে থাকবো ততদিন বরিশাল মানুষের সেবা করবো, মানুষের পাশে থাকবো ইনশা আল্লাহ। এ জন্য মেয়র হওয়ার প্রয়োজন হয় না। মনের মধ্যে কোনও কালিমা থাকলে তা ধুয়ে-মুছে নতুনভাবে এগিয়ে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ায় সহযোগিতা করার আহ্বান জানান।

এর পরপরই বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত। তিনি শুরুতে তাকে ভোটে মেয়র নির্বাচিত করার জন্য নগরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, নির্বাচনে আমি যে অঙ্গীকার করেছি তার প্রধানমন্ত্রীরও অঙ্গীকার। আমি দায়িত্ব নেওয়ার পরপরই নগরবাসীর উন্নয়নে কাজ করবো। তারা যেন শান্তিতে বাস করতে পারে সে বিষয়টি গুরুত্ব পাবে।

নামাজ শেষ করে নবনির্বাচিত মেয়রের দিকে হাত বাড়ান বিদায়ী মেয়র সাদিক ‍আব্দুল্লাহ। ‍এরপর দুইজনে কোলাকুলি করেন। কিন্তু তাদের মধ্যে কোনও কথা হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন- পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান প্রমুখ।