সারাদেশ ২ জুলাই, ২০২৩ ০৯:১৮

রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

নিজস্ব প্রতিবেদক: পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি লিবার্টি হারভেস্ট’।

রোববার (২ জুলাই) দুপুরে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এর আগে গত ৩ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে জাহাজটি ছেড়ে আসে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এইচএসআর ওসান ট্রেডার্সের ব্যবস্থাপক বিপ্লব খান বলেন, ৩ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ধরণের মেশিনারি নিয়ে সরাসরি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি লিবার্টি হারভেস্ট। পানামার পতাকাবাহী এ জাহাজটি রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করেছে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ হাজার ১৩৭ দশমিক ৪৪৯ মেট্রিক টন ওজনের ৯৭৫ প্যাকেজ পণ্য এসেছে। দুপুর ২টায় জাহাজটি থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

বিপ্লব খাঁন জানান, খালাস শেষে এসব মেশিনারিজ সড়কপথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।


আমাদেরকাগজ/এইচএম