সারাদেশ ১০ জুলাই, ২০২৩ ০২:৪৪

গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে পালালো জনতা ব্যাংকের পিয়ন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: গ্রাহকের প্রায় পাঁচ কোটি টাকা নিয়ে জনতা ব্যাংক সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার এক পিয়ন গাঢাকা দিয়েছেন।বিষয়টি টের পাওয়ার পর ভুক্তভোগী গ্রাহকরা ম্যানেজারের অফিস ঘেরাও করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে, গতকাল রবিবার এ ঘটনা ঘটে। জানা যায়, গ্রাহকদের অ্যাকাউন্টে জমা দেওয়ার কথা বলে এই বিশাল অংকের টাকা নিয়ে পালিয়ে যায় পিয়ন রঞ্জু। 

প্রতারক পিয়ন রঞ্জু আকন্দ শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা মহল্লার মৃত নুরুল আকন্দের ছেলে।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, রঞ্জু আকন্দ দীর্ঘদিন যাবত জনতা ব্যাংকে পিয়ন হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গ্রাহকদের সহযোগিতা করার কথা বলে তাদের জমাকৃত টাকা নিজের কাছে রেখে ব্যাংকের সিল-স্বাক্ষর মেরে রিসিভ কপি গ্রাহকদের দিতেন। আবার ওই সব গ্রাহক টাকা উত্তোলন করতে এলে চেক নিয়ে নিজের কাছ থেকে টাকা দিয়ে দিতেন। এভাবে বেশ কয়েকজন প্রবাসীর লাখ লাখ টাকা ব্যাংকে জমা রাখার কথা বলে তা অ্যাকাউন্টে না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংকের ক্যাশিয়ার, ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তার যোগসাজশে এ প্রক্রিয়ায় প্রায় পাঁচ কোটি টাকা লোপাট করা হয়েছে।

জনতা ব্যাংক শাহজাদপুর শাখার ব্যবস্থাপক জেহাদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পিয়ন রঞ্জু আকন্দ ব্যাংকের নকল সিল তৈরি করে গ্রাহকদের সাথে প্রতারণা করেছেন। তিনি ব্যাংকের এমডির আত্মীয় পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে এমন অপকর্ম করায় আমরা বিষয়টি টের পাইনি।

শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, ঈদের ছুটির পর পিয়ন রঞ্জু আর ব্যাংকে আসেননি।

রবিবার সকালে কয়েকজন গ্রাহক ব্যাংকে এসে নিজেদের একাউন্টের খোঁজ নিয়ে জমা করা অর্থ দেখতে পাননি। একই সময়ে পিয়নও ব্যাংকে ছিলেন না। বিষয়টি জানাজানি হলে শতাধিক ভুক্তভোগী গ্রাহক এসে ব্যবস্থাপকের কার্যালয় ঘিরে ফেলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। প্রতারক পিয়নকে আটকে অভিযানে নেমেছে পুলিশ।

আমাদেরকাগজ/এমটি