মানিকগঞ্জ প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে।
শনিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা তদন্তকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মানুষ তাদেরকে (বিএনপি) চিহ্নিত করে ফেলেছে। তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিদেশিদের কাছে ধরনা ধরেও কোনো কাজ হবে না। তারা কয়েক দিনের মধ্যেই বুঝতে পারবে, তারা জনগণের কাছ থেকে সরে গেছে।
অনুষ্ঠানে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী প্রমুখ।
আমাদেরকাগজ/এইচএম






















