সারাদেশ ২ অক্টোবর, ২০২৩ ০৭:২৭

পদযাত্রায় সংঘর্ষ: বিএনপির ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি: বিএনপির পদযাত্রায় অংশ গ্রহণ করতে গিয়ে কেন্দুয়ায় বিএনপির দলীয় নেতাকর্মীদের সংঘর্ষে আহত হওয়ার অভিযোগে মামলা হয়েছে।

আজ সোমবার কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তানভীর মেহেদী বাদী হয়ে ১০১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০-৩০০ বিএনপি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।

জানা গেছে, গতকাল রোববার বিএনপি কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে পদযাত্রার ডাক দেয়। পদযাত্রায় যোগদানের জন্য বিএনপি দলীয় নেতাকর্মীরা নেত্রকোনার বিভিন্ন স্থান কেন্দুয়ার সান্দিকোনায় জড়ো হয়। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। পুলিশের দাবি এ সময় তাদের দুইজন সদস্য আহত হন। এ ঘটনায় কেন্দুয়া থানার এসআই মো. তানভীর মেহেদী বাদী হয়ে ১০১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০-৩০০ বিএনপি দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারিনি। 

এ বিষয়ে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, পদযাত্রায় যাওয়ার সময় পুলিশের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। কোনো ধরনের সংঘর্ষ এবং কেউ আহত হয়নি। পুলিশ কী কারণে মামলা করেছে বিষয়টি আমার জানা নেই। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, বিএনপির লোকজনের হামলায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


আমাদেরকাগজ/এইচএম