সারাদেশ ২৫ অক্টোবর, ২০২৩ ০১:৪৭

২২ ঘণ্টা পর সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক

আমাদের কাগজ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘হামুন’-এর কারণে সারাদেশে নৌ চলাচল বন্ধ থাকলেও তা আবার চালু হয়েছে। 

আজ (বুধবার) (২৫ অক্টোবর) সকাল থকেে ঢাকা ও বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এ ছাড়া স্পিডবোট, মালবাহী নৌযানও চলাচল শুরু হয়। এর আগে, ঘূর্ণিঝড় হামুনের কারণে (মঙ্গলবার) (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

২২ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) -এর অনুমতি মোতাবেক আবার সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। সারাদেশে এখনও সংকেত ৩-এ রয়েছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কমে গেছে। তাই পুনরায় নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে।

বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক রিয়াদ হোসেন জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে। সন্ধ্যায় আগের নিয়মেই ঢাকা রুটের লঞ্চ ছেড়ে যাবে।

আমাদের কাগজ/এমটি