সারাদেশ ৩০ অক্টোবর, ২০২৩ ১০:৫৮

কারাগারে মির্জা ফখরুল, যা বলল জামায়াত 

আমাদের কাগজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গ্রেপ্তার ও কারাগার নিয়ে মত প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

জোট ও দলীয় নেতাকর্মীদের বিষয়ে জামায়াত নিজেদের অভিমত ব্যক্ত করেছে (রোববার) (২৯ অক্টোবর) রাতে। 

এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন বানচাল করার হীন উদ্দেশ্যে ২৯ অক্টোবর সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের স্বীকার জনগণের পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। 

জামায়াত ও বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশে এবং অন্যান্য বিরোধীদলের সমাবেশে জনতার ঢল দেখে সরকার খেই হারিয়ে ফেলেছে।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবি করেছে জামায়াত। 

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ২৮ অক্টোবর মৌলভীবাজার জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের চার শতাধিক নেতাকর্মীকে সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। ২৯ অক্টোবর সকালে নিজ কর্মস্থল মাদরাসা থেকে খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলামকে পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করে। এভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে জেলে ঢুকিয়ে জনগণের আন্দোলন অতীতে যেমন কোনো সরকার দমন করতে পারেনি, তেমনই বর্তমান সরকারও পারবে না। সরকারের এসব অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, ঢাকায় বেড়াতে আসা সাধারণ মানুষ এবং রিকশাচালক ও বিভিন্ন কল-কারখানার শ্রমিকদেরকে বিনা কারণে গ্রেপ্তার করে সরকার জেলে ঢুকাচ্ছে। সরকার গোটা দেশটাকেই আজ একটি বৃহৎ জেলখানায় পরিণত করেছে। 

স্বররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এক বক্তব্যকে উল্ল্যেখ্য করে জামায়াত আমির বলেন, স্বররাষ্ট্রমন্ত্রী নিজে কয়েকদিন আগে স্বীকার করেছেন, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও অধিক সংখ্যক বন্দিকে ঠাসাঠাসি করে রাখা হয়েছে। যে কারণে বন্দিরা ঠিকমতো খাবার পাচ্ছে না, চাহিদা অনুযায়ী পানিও পাচ্ছে না। তারা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় কোনো দেশ চলতে পারে না।

জামায়াতের এই নেতা বলেন, জনগণের দাবি অবৈধ জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। সরকার যত তাড়াতাড়ি এ দাবি মেনে নেবে, দেশের জন্য ততই কল্যাণকর। তাই জনগণের দাবি মেনে নিয়ে দেশকে বর্তমান সংকট থেকে উদ্ধার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমাদেরকাগজ/এমটি