সারাদেশ ২৬ নভেম্বর, ২০২৩ ১১:৪৫

সাকিব আল হাসানের বাড়ির সামনে পুলিশি পাহারা  

আমাদের কাগজ ডেস্ক: মাগুরার দুটি আসনসহ মোট তিনটি আসনে মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। আগামী সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনিও একজন। 

এদিকে হঠাৎ জাতীয় দলের এই ক্রিকেটারের বাড়ির সামনে পুলিশি পাহারা বসানো হয়েছে। শনিবার রাত থেকে ক্রিকেটার সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড়ের সাহাপাড়ার বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে।

জানা গেছে, সাকিবের বাড়িতে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করতে দেখা যায়। 

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার পর থেকেই আলোচনায় সাকিব আল হাসান।  আগে সাকিব আল হাসানের বাড়িতে পুলিশ মোতায়েন দেখা যায়নি। কিন্তু নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের নাম ঘোষণার আগে পুলিশি পাহারা বসানোয় এলাকায় তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, পুলিশ কী কারণে পাহারা দিচ্ছে তা আমার জানা নেই। তবে এটা পুলিশের নিয়মিত টহলের অংশ হতে পারে। সাকিবের বাড়িতে পুলিশি পাহারার বিশেষ কোনো কারণ নেই।

দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে যেন সবার উৎকন্ঠা শেষ নেই। প্রায় ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার অনেকটা পরিবর্তন আসবে বলে ধারণা সংশ্লিষ্টের। তারা মনে করছেন, এবার দলীয় মনোনয়ন থেকে অনেক সংসদ-সদস্য বাদ পড়েছেন, স্থান পেয়েছেন নতুন মুখ। 

আজ রোববার ২৬ নভেম্বর সন্ধ্যায় ফের বৈঠকে বসছেন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা। সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা হবে, এনটাই বলছেন দলের শীর্ষ নেতারা।

সবশেষ একটি প্রশ্ন থেকেই যাচ্ছে সেটি হচ্ছে, দ্বাদশ সংসদ নির্বাচনে নতুন মুখের একজন সাকিব কিনা! 

আমাদের কাগজ/এমটি