সারাদেশ ২৭ নভেম্বর, ২০২৩ ১২:১১

ধানমন্ডিতে ছিনতাই, কল্যানপুরে আটক 

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীতে ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এর আগে রাজধানীর ধানমন্ডি থানার আবাহনী মাঠের পেছনে ছিনতাই ও কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে বিভিন্ন টহলরত পুলিশের সহায়তায় আটক করা হয়। 

শনিবার রাতে এ ঘটনা ঘটে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. নুর আলম (৩৭) ও মো. আলমাস (৩৬)। 

ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ মো. পারভেজ ইসলাম বলেন, শনিবার রাত ১টার দিকে আশিকুজ্জামান ও তার বড় ভাই হাজারীবাগ থেকে পান্থপথে তাদের বাসায় ফিরছিলেন। তাদের রিকশাটি ধানমন্ডি আবাহনী মাঠের পেছনে ওয়াসার অফিসের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার তাদের রিকশার গতিরোধ করে। প্রাইভেটকার থেকে তিন ছিনতাইকারী নেমে চাপাতির ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে দুইটি মোবাইল, ১২শ টাকা জোর করে ছিনিয়ে নেয়। 

এ সময় তাদের চিৎকারে ধানমন্ডি থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপি কন্ট্রোল রুমকে অবগত করে ছিনতাইকারীদের ধাওয়া করে। পড়ে গাড়িটিকে কল্যাণপুর বাসস্ট্যান্ডের কাছে আটক করা সম্ভব হয়। তবে তাদের আরও দুইজন সহযোগী পালিয়ে যায় বলে জানান তিনি। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আশিকুজ্জামান বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছেন। এর আগেও এই এলাকার বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমাদেরকাগজ/এমটি