সারাদেশ ২৮ নভেম্বর, ২০২৩ ০৩:৫০

মিষ্টি কুমড়ার ভেতরে পাচার হচ্ছিল হেরোইন 

আমাদের কাগজ ডেস্ক: রাজশাহীতে অভিনব কায়দায় হেরোইন লুকিয়ে পাচারকালে আপন আলী (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। আজ মঙ্গলবার ২৮ নভেম্বর, দুপুরে র‌্যাব-৫ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিষ্টি কুমড়ার ভেতরে মাদক পাওয়ার একজনকে আটক দেখানো হয়েছে। যার অনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকার ওপরে।  

আটক আপন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আবু তাহেরের ছেলে।

সোমবার (২৭ নভেম্বর) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৫ অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুণ্টিঘর এলাকায় অভিযান চালায়।

এ সময় অটোরিকশাচালক আপন আলীকে আটক করে তল্লাশি চালানো হয়। তিনি তার অটোরিকশার বাম পাশের হ্যান্ডেলের সঙ্গে ঝোলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে মিষ্টি কুমড়া বের করে দেন। এ সময় ওই মিষ্টি কুমড়ার ভতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। 

র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, আটক আপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ছদ্মবেশ ধারণের জন্য তিনি অটোরিকশা চালান। 

জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ রাজশাহী গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি