সারাদেশ ১৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৫৫

এবার রেললাইনের ৭২টি ক্লিপ খুলে নিল দুর্বৃত্তরা 

আমাদের কাগজ ডেস্ক: নীলফামারীতে দুর্বৃত্তের হাতেখড়ি যেন দুর্ভাগ্যে পরিণত হচ্ছে। এবার নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডোমার-চিলাহাটিতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিলো বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। 

বুধবার ১৩ ডিসেম্বর রাত ১০টার দিকে উপজেলার বাগডোকরা প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনাটি টের পেয়ে সেখানে মানুষ জড়ো হতে শুরু হয়। পরে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মানুষ বিভিন্নভাবে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাখওয়াৎ হাবীব বাবু বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে ফিশপ্লেট খোলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।

নীলফামারী স্টেশন মাস্টার জানান, লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেসও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম বলেন, ফিশপ্লেট খোলার অভিযোগ পাওয়া গিয়েছে। সরকারকে অবহিত করবো যেন রেললাইনে নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে বুধবার গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা।