সারাদেশ ১৩ মার্চ, ২০২৪ ০৭:৫৮

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩৫জন দগ্ধ 

জেলা প্রতিনিধি, গাজীপুর
গাজীপুরের কোনাবাড়ীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৫ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী টপ স্টার গার্মেন্টস ফ্যাক্টরির পাশের একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বুধবার পৌনে আটটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
 

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর থেকে নারী শিশুসহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে জরুরি বিভাগে ৩৫ জন এসেছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়টি এখনও নির্ধারণ করা হয়নি বিস্তারিত পরে জানানো হবে।