আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দৃশ্যত সৌদি আরবের তেলক্ষেত্রে হামলার জন্য দায়ী দেশটি হলো ইরান। তবে ওয়াশিংটন অবশ্যই তেহরানের সঙ্গে যুদ্ধ এড়াতে চায়।
সোমবার(১৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এমন সময়ে এ মন্তব্য করলেন ট্রাম্প যখন অনেক বিশ্লেষকই আশঙ্কা করছিলেন, সৌদি আরবের দুই বৃহৎ তেলক্ষেত্রে তেহরানের হামলার অজুহাতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র।
ট্রাম্পের কাছে সাংবাদিকরা জানতে চান, ইরানই এ হামলা চালিয়েছে বলে তিনি বিশ্বাস করেন কিনা? উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ মুহূর্তে অবশ্যই বিষয়টি তেমনই দেখাচ্ছে।
ট্রাম্প বলেন, আমরা ইতোমধ্যেই জানি কারা এটি করেছে এবং এটি হচ্ছে ইরান। তবে ওয়াশিংটন আরও প্রমাণ সংগ্রহ করতে চায়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, কারা এই কাজ করেছে নিশ্চিতভাবেই আমরা তা খুঁজে বের করতে চাই। অদূর ভবিষ্যতে আপনারা বিস্তারিত জানতে পারবেন।



















