আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করছিল না গরুটি। এমনকি, পানি পান করছিল না সে। চিন্তিত মালিক পশুটিকে সঙ্গে নিয়ে হাজির হন পশু চিকিৎসালয়ে। গরুটিকে পরীক্ষা করে দেখে স্তম্ভিত হয়ে যান চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর গরুটির পেট থেকে বেরিয়েছে ৬৫ কেজি প্লাস্টিক এবং ধাতব বর্জ্য। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর মাদুরাইতে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পরমেশ্বরন জানান, সদ্যই মা হয়েছে গরুটি। গত কয়েকদিন ধরেই পশুটি কোনো রকম খাবার বা পানি খাচ্ছে না। পরে গরুটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, তার পাকস্থলীতে জমে রয়েছে বিপুল পরিমাণ প্লাস্টিক এবং ধাতব বর্জ্য পদার্থ, যার কারণে কোনো খাদ্য পানীয় গ্রহণ করতে পারতো না প্রাণিটি। প্রাণ যেতে বসেছিল তার।
এরপরেই অস্ত্রোপচার করে সেগুলো বের করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। পরে অস্ত্রোপচার করে পেট থেকে বের করা হয় মোট ৬৫ কেজি প্লাস্টিক এবং বিভিন্ন ধাতব বর্জ্য।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, পুরো অস্ত্রোপচারটি করতে তিন ঘণ্টা সময় লেগেছে। এরপর আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় গরুটিকে। তারপর থেকে প্রাণিটি আবার ঠিকমতো খাওয়া-দাওয়া করছে বলে জানিয়েছেন তারা।
আমাদের কাগজ//টিএ





















