ফোন তুলতে গিয়ে খাদে আটকে যুবক; পাহাড়ে কাটল ৩ দিন
ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ হাঁটার সময় হঠাৎ করে মোবাইলটি পড়ে যায় দুটি পাথরের ফাঁক দিয়ে। সেটি তুলতে গিয়ে রাজু নামের এক যুবক নিজেই সেই ফাটল দিয়ে পড়ে যান। এরপর ৩০ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা যায়, ঘনপুর জঙ্গলে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান রাজু। তখনই তার মোবাইল ফোনটি গভীর খাদে পড়ে যায়। ফোন তুলতে গিয়েই বিপত্তির মুখে পড়তে হয় তাকে। আটকে যান পাহড়ি খাদে।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গুহার দু’টি পাথরের খাঁজে আটকে পড়া যুবক তিনি স্থানীয় রেড্ডিপেট গ্রামের বাসিন্দা। রাজু মঙ্গলবার সন্ধ্যায় রেড্ডিপেট থেকে গণপুর টান্ডা হয়ে সিঙ্গারায়পল্লী জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন।
পরে পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে রাজু ওই গুহার ১৫ ফুট গভীরে পড়ে যান। বাইরে বেরোনোর সুযোগ না থাকায় রাজু গুহার ভিতরে আটকা পড়ে যায়।
ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, রাজুর দেহ পাথরের মধ্যে বাজেভাবে আটকা পড়েছিল। শরীর নাড়ানোরও জায়গা ছিল না। অনেক চেষ্টা করেও রাজুকে খাদ থেকে উদ্ধার করা যাচ্ছিল না। পরে পুলিশে খবর দেওয়া হলে অন্যান্য দপ্তরের সহায়তায় পুলিশ সেখানে যায়।
কামারেডি জেলার পুলিশ সুপার শ্রীনিবাস রেড্ডি জানিয়েছেন, ঘটনার পরের দিন (১৪ ডিসেম্বর) ঘটনাটি জানতে পারেন তাঁরা। পাথর ভাঙতে জেসিবিও আনা হয়। জেসিবি দিয়ে পাথর ভাঙতে গিয়ে রাজু আহত হওয়ার আশঙ্কা থেকে যাওয়ায় বিশেষজ্ঞদের সাহায্য চান তাঁরা। তিনি আরও জানান, বিশেষজ্ঞরা পাথর ভাঙতে নিয়ন্ত্রিত ডিনামাইট বিস্ফোরণের সাহায্য নেওয়ার পরামর্শ দেন। এরপরই প্রস্তুতি নেওয়া হয়।
আমাদের কাগজ/এম টি