আন্তর্জাতিক ৬ আগস্ট, ২০১৯ ০৪:৫১

কাশ্মীরে বড় ধরনের গণহত্যা চালাতে যাচ্ছে ভারতঃ গিলানি

আন্তর্জাতিক ডেস্ক।।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের(এপিএইচসি) প্রধান সাইয়েদ আলী গিলানি, শনিবার(৩ আগস্ট) এক টুইটার বার্তায় আশংকা প্রকাশ করেন যে ভারত কাশ্মীরে বড় ধরনের গনহত্যা চালাতে যাচ্ছে।

পাশাপাশি কাশ্মীরিদের রক্ষায় বিশ্বের মুসলমানদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তিনি টুইটে আরো বলেন, এই গ্রহে বসবাস করা সব মুসলমানের কাছে কাশ্মীরেদের রক্ষার বার্তা হিসেবে নিতে হবে এই টুইটকে।

তিনি বলেন, যদি সবাই আমরা হত্যাকাণ্ডের শিকার হই, আর আপনারা নীরব থাকেন, তাতে মহান আল্লাহর কাছে আপনাদের জবাব দিতে হবে। কাশ্মীরে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা ঘটাতে যাচ্ছে ভারত। আল্লাহ আমাদের সুরক্ষা করুক।

কাশ্মীরে অতিরিক্ত ৩৫ হাজার আধাসামরিক সেনা মোতায়েনের পর সেখানের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে কাশ্মীর থেকে সকল পর্যটক ও তীর্থের লোকজনকে রাজ্য ত্যাগ করতে বলা হলে কাশ্মীরবাসীর ঊদ্বেগ আরো বেড়ে যায়। বর্তমানে কাশ্মীরে সকল প্রকার মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সবারই ধারনা, কিছু একটা ঘটতে যাচ্ছে।

এদিকে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গ্রেফতার করা হয়েছে।।