বিনোদন ডেস্ক
দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। আর সে পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, চমৎকার শাওন! অসাধারণ একটা ডুয়েট, আমি মুগ্ধ। আরেক অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওনের কণ্ঠে নতুন একটি গান শুনে তিনি এভাবেই মুগ্ধতা প্রকাশ করলেন।
শাওন ছোটবেলা থেকেই নিয়মিত গান করেন। সর্বশেষ তিনি সাড়া ফেলে দিয়েছিলেন ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি গেয়ে। চঞ্চল চৌধুরীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গানটি গেয়ে সব শ্রেণির শ্রোতার মন মাতিয়েছেন।
সে ধারাবাহিকতায় আবারো গান গাইলেন তিনি দেশের সবচেয়ে বড় ফোক রিয়্যালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের একজনশিল্পীর সঙ্গে গেয়েছেন। শিল্পীর নাম পলাশ চন্দ্র শীল। এই শিল্পীর সঙ্গে তিনি গেয়েছেন ‘কানার হাট বাজার’ শিরোনামের গানটি। আর সেটি শুনেই মুগ্ধ জয়া।
ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসর শুরু হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বর। বাংলার বাউল গান দিয়ে সারা বিশ্ব মাতাতে সান ফাউন্ডেশনের এই উদ্যোগের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। আয়োজনটি সম্প্রচার করা হয় মাছরাঙা টেলিভিশনে। ২৬ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত প্রতিযোগীতায় সারা দেশ থেকে নিবন্ধন করেছিলেন ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। এরপর দেশজুড়ে দীর্ঘ অডিশন ও সিলেকশন পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান মাত্র ২৬ জন।
বিচারকদের বিচারে শেষ পর্যন্ত টিকে যারা সেরা পাঁচ প্রতিযোগী- তারা হলেন লালমনিরহাটের শিরাজাম মুনিরা পাখি, কুষ্টিয়ার ইতি ইব্রাহিম, রাজবাড়ীর সোহেল ভেড়ো, টাঙ্গাইলের পলাশ চন্দ্র শীল এবং চট্টগ্রামের নয়ন শীল।
এছাড়া পাঁচজনের আলাদা আলাদা মিউজিক ভিডিও নির্মাণ করে টিভি ও ইউটিউবে সম্প্রচার করার ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ম্যাজিক বাউলিয়ানাদের সঙ্গে মিউজিক ভিডিওতে অংশ নেন দেশসেরা পাঁচজন সেলিব্রেটি। যেখানে ইতি ইব্রাহিমের সঙ্গে গান গেয়েছেন এবং অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিরাজাম মুনিরা পাখির সঙ্গে ফজলুর রহমান বাবু, সোহেল ভেড়োর সঙ্গে তারিন, পলাশ চন্দ্র শীলের সঙ্গে মেহের আফরোজ শাওন, নয়ন শীলের সঙ্গে কুসুম শিকদার।






















