বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বুবলী বিয়ে করেছেন অনেকি দিন আগেই। গোপনে বিয়ে করেছেন তারা। ছোট্ট সংসারে এসেছে ফুটফুটে শেহজাদ খান বীর। তার বয়স এখন আড়াই বছর। মঙ্গলবার রাতে বুবলী তার পেজে বীরের নতুন তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, বড় বড় চুলে বসার বড় চেয়ারে শুয়ে খুনসুটি করছে শেহজাদ।
শেহজাদের ওই ছবিগুলোও সামনে আসার সঙ্গে সঙ্গে লুফে নেয় শাকিবভক্তরা। বিভিন্ন গ্রুপে পোস্ট দিতেও দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। অনেকই মন্তব্য করেছেন সেখানে। একজন লিখেছেন, ছোট্ট শেহজাদ বাবার মতো সুপারস্টার! অনেকেই আবার লিখেছেন, সুইট, কিউট, মাশাআল্লাহ।
কেউ কেউ মন্তব্যে লিখেছেন, শেহজাদ পুরাই তার বাবা শাকিবের কার্বন কপি। শত শত মন্তব্যে নেটিজনরা শেহজাদের জন্য দোয়া ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে। এর আগে রোববার বিকালে বীরের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। বরাবরের মতো সেখানেও বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। তার পরনে পাঞ্জাবি-পায়জামা, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি, যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনুরাগীরা তার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের খবর প্রকাশ্যে আসে। ৩০ সেপ্টেম্বর শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে শেহজাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।
আমাদের কাগজ//জেডআই






















