বিনোদন ২৯ নভেম্বর, ২০২২ ০৯:১৭

জলঢাকায় মঞ্চ মাতাবেন অপু বিশ্বাস

বিনোদন প্রতিবেদক: মঞ্চ মাতাতে নীলফামারীর জলঢাকায় যাচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এছাড়া থাকছেন জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীর ও সুলতানা ইয়াসমিন লায়লা। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে জলঢাকা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পরিষদের আয়োজিত কনসার্টে যোগ দিতে ইতোমধ্যে নীলফামারীতে পৌঁছেছেন তারা। কনসার্ট শেষে আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন অপু বিশ্বাস ও অনান্য শিল্পীরা।

এর আগে সকালে অপু বিশ্বাসসহ অন্যান্য শিল্পীদের সৈয়দপুর বিমান বন্দরে ফুল দিয়ে বরণ করেছেন জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। তিনি বলেন, গত ১৭ অক্টোবর নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজুল হক ভাই বিজয়ী হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে এ কনসার্টের আয়োজন করা হয়েছে৷ ইতিতোমধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাস,কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও  সুলতানা ইয়াসমিন লায়লা সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন। রাত ৯টায় তারা অনুষ্ঠানে যোগ দেবেন।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, কনসার্ট ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ দায়িত্ব পালন করছেন। তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আমাদের কাগজ//জেডআই