বিনোদন ১২ ডিসেম্বর, ২০২২ ১০:৩২

টিকটকে রাজ-বুবলীর নতুন লুক ফাঁস!

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সম্প্রতি ‘দেয়ালের দেশ’ শিরোনামের একটি সিনেমার শেষ লটের শুটিং করছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী। এবারই প্রথমবারের মতো চলচ্চিত্রে জুটি বেঁধেছেন তারা।বেশ গোপনেই চলছে সিনেমাটির দৃশ্যধারণ। এতটাই গোপনীয়তা যে শুট শেষ না করে গণমাধ্যমে কথা বলতে চান না তরুণ পরিচালক মিশুক মনি।

জানা যায়, চলতি বছরের মার্চে বেশ চুপিসারে প্রথম লটের শুটিংয়ে অংশ নেন রাজ-বুবলী। এরপর গত ৫ ডিসেম্বর থেকে ঢাকায় শেষ অংশের শুটিং শুরু করেন।

 

প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন লুকে পর্দায় হাজির হয়ে দর্শক মাতিয়েছেন রাজ। নতুন এই সিনেমায়ও নতুন এক রাজের দেখা মিলবে। গোপনে ‘দেওয়ালের দেশ’-এর শুটিং হলেও নতুন লুক আড়াল করতে পারেননি রাজ-বুবলী। সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন লুক ফাঁস হয়েছে।

প্রকাশ হওয়া দুটি স্থিরচিত্রের একটিতে দেখা যাচ্ছে, কোঁকড়ানো চুলে নিজেকে সাজিয়েছেন রাজ। সঙ্গে আবছা গোঁফে অনেকটাই সাদামাটা তিনি। যেখানে চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলী। রাজও নায়িকার দিকে তাকিয়ে আছেন।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারের হাতলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছেন বুবলী। পাশে বসে আছেন রাজ। অবশ্য সেখানে তার গোঁফ বেশ বড়।

সিনেমাটির নির্মাতা মিশুক মনির গণমাধ্যমকে বলেন, ‘শুটিং সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে। সেখান থেকেই লুকগুলোর স্ক্রিনশট ছড়িয়েছে। কাজটি যিনি করেছেন, খুবই খারাপ করেছেন।’

জানা যায়, আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলী। তখনো জানতেন না তার সঙ্গে অভিনয় করবেন শফিকুল রাজ। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারেন রাজের কথা।

রাজের সঙ্গে জুটি বিষয়ে বুবলী বলেন, রাজের সঙ্গে এটাই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান। আর সিনেমার গল্পটা আমার কাছে এতো ভালো লেগেছিলো যে, সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি আমি।

২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘দেয়ালের দেশ’; সিনেমাটি প্রযোজনা করছেন মাহফুজুর রহমান। চলতি বছরের মার্চে সিনেমাটি প্রথম লটের শুট হয়।


আমাদের কাগজ/এম টি